ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫০ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় দুইবারের অভিযানে উপজেলার পাটগাতী বাজার থেকে এসব জাল উদ্ধার করা হয়।
পরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উদ্ধার করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাজারে দুইবার অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. মঈনুল হক।
অভিযানে পাটগাতী বাজারের দুইটি গুদাম থেকে ২১০টি চায়না দুয়ারি ও ২ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব, দেবাশীষ বাছাড় বলেন, অভিযানে ৫০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে গুদামের মালিক পালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়নি।
দেশীয় মাছ রক্ষার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।