ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। যদিও বৃষ্টিপাত কম হওয়ায় দেশে ডেঙ্গুর মৌসুম এখনো পুরোপুরি শুরু হয়নি। তবু প্রতিদিন গড়ে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।
এ রোগে প্রতি চার দিনে একজনের মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার সূত্রে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর গতকাল শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তিন হাজার ৫৪৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরে এক হাজার ২৬৯ জন ও ঢাকার বাইরে দুই হাজার ২৭৮ জন।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক বছরে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি বছর প্রথম ছয় মাসে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৫ শতাংশ।
গত বছর এই সময়ে ঢাকার বাইরে রোগী ছিল ২৩.৫০ শতাংশ। ২০২২ সালে ছিল ১২.৪০ শতাংশ।
অর্থাৎ গত বছরের তুলনায় ঢাকার বাইরে আক্রান্তের হার বেড়েছে প্রায় তিন গুণ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জুলাই শেষে ডেঙ্গুর প্রকোপ চূড়ায় পৌঁছাবে। বৃষ্টিপাত কম হওয়া এবং তাপমাত্রা বেশি থাকার কারণে এ বছর ডেঙ্গুর মৌসুম একটু দেরিতে শুরু হচ্ছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা মুশতাক হোসেন বলেন, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় এবং এর সঙ্গে তাপমাত্রা বেশি থাকায় এডিস মশার প্রজনন এখনো বাড়েনি। তবে গত বছরের চেয়ে এ বছর পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না, বরং অবনতির আশঙ্কা বেশি।