ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধান বোঝাই একটি ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছেন সাতক্ষীরার তালার হরিষচন্দ্রকাটিতে। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।
শনিবার সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনা-পাইকগাছা সড়কের হরিষচন্দ্রকাটি সরদারবাড়ী বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। মজুরি হিসাবে তারা ২০ থেকে ৩০ মন ধান পায়। সেই ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে হরিষচন্দ্রকাটি এলাকায় রাস্তা খুড়ে রাখার কারণে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
তালা থানার ওসি জনাব, মো. মমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।