শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫২

পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সুধাংশু রায় (৪০) নামের এক যুবকের বিরুদ্ধে, আর এ ঘটনা কুড়িগ্রামের রাজারহাটে। এ ঘটনায় অটোরিকশা চালক সুধাংশু রায়কে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গতকাল রবিবার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ প্রাণপতি পোদ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ২০ বছর আগে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতি এলাকার বাতাসী রানীর সঙ্গে সুধাংশু রায়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাতাসীর ওপর স্বামী ও শাশুড়ি নির্যাতন করতে থাকে। ঘটনার আগের রাতেও বাতাসীকে তার স্বামী শারীরিক নির্যাতন করেন।
তারা জানান, রবিবার দুপুরে এলাকাবাসী সুধাংশুর ঘরের বিছানায় বাতাসী রানীর মরদেহ দেখতে পান। পরে রাজারহাট থানায় খবর দিলে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং উদ্ধার করে নিয়ে যান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ওয়াহেদুজ্জামান রানা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামী সুধাংশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।