ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌতুকের দাবিতে স্ত্রী আমেনা খাতুন ডলিকে হত্যার দায়ে লক্ষ্মীপুরের রায়পুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহজাহান মিয়া বেপারী ওরফে খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) রাত ৯টায় র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জনাব, আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। স্ত্রীকে হত্যার পর ২৩ বছর তিনি পলাতক ছিলেন।
খোকন রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের রহিম আলী বেপারীর ছেলে।
আদালত ও র্যাব সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে ২০০০ সালের ৫ ডিসেম্বর মাথায় আঘাত করে আমেনাকে হত্যা করে স্বামী খোকন। এ ঘটনায় আমেনার মা উম্মে কুলছুম বাদী হয়ে একইদিন রায়পুর থানা নারী ও শিশু নির্যাতন আইনে খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার হলেও তিনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান।
২০১৬ সালের ২২ মার্চ তৎকালিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, মো. সাইদুর রহমান গাজী হত্যা মামলার রায় দেন। এতে আসামি খোকনের মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। কিন্তু তিনি পলাতক থাকায় রায় কার্যকর হয়নি।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জনাব, আবদুর রাজ্জাক বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোকনকে গ্রেপ্তারে আমরা ছায়াতদন্ত শুরু করি।
অবশেষে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাকে রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
রায়পুর থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, রাত সাড়ে ৯টার দিকে র্যাব আমাদের কাছে আসামিকে হস্তান্তর করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।