শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০০

চাচার মৃত্যু ভাতিজার মারধরে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে দ্বন্দ্বে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভাতিজা এখলাছ মিয়ার মারধরে বৃদ্ধ চাচা ইস্কান্দার আলী (৭০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত এখলাছ মিয়াকে আটক করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের ইস্কান্দার আলী ও তার ভাতিজা এখলাছ মিয়ার মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে কোর্টে চলছিল মামলা। বৃহস্পতিবার বৃদ্ধ ইস্কান্দার আলী ও তাদের পক্ষের লোকজন জমির মামলার হাজিরা দিতে যান। এ সময়ে এখলাছ মিয়া জায়গা দখল করে ভেকু দিয়ে পুকুর ভরাটের কাজ শুরু করেন। পরে ইস্কান্দার আলী এ কাজে বাঁধা দিতে গেলে এখলাছ মিয়ার লোকজন হামলা চালান। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই ইস্কান্দার আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে প্রযুক্তির সাহায্য নিয়ে এখলাছ মিয়াকে সুনামগঞ্জ সদর থেকে আটক করেন পুলিশ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, বদরুল হাসান জানান, আগে থেকেই তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমি দখল করতে যান এখলাছ মিয়া। এ সময় ইস্কান্দার আলী বাধা দিলে তারা বৃদ্ধের ওপর হামলা চালান। ঘটনাস্থলেই ইস্কান্দার আলীর মৃত্যু হয়। এ ঘটনায় এখলাছ মিয়াকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।