ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জিন তাড়ানোর নামে ভোলার চরফ্যাশনে এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কবিরাজকে গ্রেফতার করেছেন পুলিশ।
মঙ্গলবার উপজেলার শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সাত বছর বয়সি নিহত ওমর ফারুক উপজেলার চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. কামাল খাঁর ছেলে। গ্রেফতার আসামির নাম কবিরাজ তাসলিমা বেগম।
নিহত ওমর ফারুকের বাবা কামাল খাঁ বলেন, ওমর ফারুক কয়েকদিন ধরে অসুস্থ ছিল।
সে আবোলতাবোল কথা বলত। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ফারুকের কোনো উন্নতি হয়নি। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার কবিরাজ তাসলিমা বেগমের কাছে ওমর ফারুককে নিয়ে যাই। ছেলেকে দেখে কবিরাজ জানায় তার সঙ্গে জিন রয়েছে, এ জন্য সে আবোলতাবোল কথা বলছে। তার শরীর থেকে জিন তাড়াতে হবে। এরপর একটি অন্ধকার রুমের মধ্যে ওমর ফারুককে একা নিয়ে যাওয়া হয়। আমরা ঘরের বাহিরে বসেছিলাম।
এরপর ঘণ্টাব্যাপী কবিরাজ তাসলিমা বেগম অন্ধকার একটি রুমের মধ্যে ওমর ফারুককে আটকে জিন তাড়ানোর নামে বেধড়ক মারধর করে। তখন কবিরাজের নির্যাতনে ছেলে চিৎকার শুরু করে। একপর্যায়ে কবিরাজ আমার ছেলের বুকের ওপর পা ও গলায় হাত দিয়ে চেপে ধরে। এতে ঘটনাস্থলেই আমার ছেলে মারা যায়।
শশীভূষণ থানার ওসি জনাব, এনামুল হক বলেন, শিশুটির শরীর থেকে জিন তাড়ানোর নামে কবিরাজ শিশুটিকে নির্মম নির্যাতন করে মেরে ফেলেছে। শিশুটির শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবার মামলায় কবিরাজ তাসলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।