শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৮

কুপিয়ে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গোপালগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের টুকু মীনার স্ত্রী বিউটি বেগম ও তার মেয়ে লামিয়া (১৬)।
নিহত লামিয়া জালালাবাদ ইউনিয়নের খালিয়া ইউনাইটেড একাডেমি থেকে চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশরাফ হোসেন জানান, আগে থেকেই ছোট ভাই টুকুর সাথে জমি নিয়ে বিরোধ ছিল বড় ভাই হারুনের। রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হারুনের সাথে লামিয়া ও তার মা বিউটি বেগমের কথা কাটাকাটি হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে মা ও মেয়েকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে লামিয়া ও তার মা গুরুতর আহত হয়।
এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে মা ও মেয়েকে আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক আফতাব জিলানী দু’জনকেই মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে হারুন তার স্ত্রী ও মেয়ে পলাতক ছিল। পুলিশ হারুনকে আটক করেছে। তবে বাকিরা এখনো পলাতক রয়েছে এবং পুলিশের অভিযান চলছে।