ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। রবিবার রাত সাড়ে ১০টায় উপজেলার ক্যাম্প-২০ এক্সটেনশন এলাকায় এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি জনাব, মো. শামীম হোসেন জানান।
নিহত যুবক মো. আসাদ উল্লাহ একই ক্যাম্পের এস-২/বি-৫ ব্লকের বাসিন্দা সিদ্দিক আহমেদের ছেলে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন ও স্থানীয়দের বরাতে ওসি জনাব, শামীম বলেন, রবিবার রাতে আসাদ উল্লাহকে ১০/১৫ জন মুখোশধারী অজ্ঞাত সন্ত্রাসী তার নিজ ব্লকে গুলি ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।
এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হত্যাকারীরা পালিয়ে যায়। ওসি আরও বলেন, কারা, কী কারণে এ হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।
ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।