শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০২

বিশ্বমানের টিকা উৎপাদনের সম্ভাবনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্বমানের টিকা উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশে। আগামী মার্চে ডাব্লিউএইচওর প্রতিনিধিদল আসবে টিকা তৈরিতে বাংলাদেশের সক্ষমতা যাচাই করতে। তারা সন্তুষ্ট হলে বিশ্বমানের টিকা উৎপাদনে যাবে বাংলাদেশ।
বিশেষজ্ঞরা বলছেন, এই পূর্বযোগ্যতা বা ম্যাচিউরিটি লেভেল-৩ অর্জন করতে পারলে স্থানীয় কম্পানিগুলো ওষুধের মতো ভ্যাকসিনও বিশ্ববাজারে রপ্তানি করতে পারবে।
একই সঙ্গে নিজেদের প্রয়োজনও মেটাতে পারবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের কারণে বেড়ে যাওয়া সংক্রামক-অসংক্রামক রোগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বযোগ্যতা এমন একটি শর্ত, যার মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদন করা ফার্মাসিউটিক্যাল পণ্য, বিশেষ করে টিকা আন্তর্জাতিক বাজারে ঢোকার সুযোগ পায়। এ জন্য বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিকে ডাব্লিউএইচওর কোয়ালিফায়েড হতে হয়।