সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৫

ডেঙ্গুর দাপট শীতে কমেনি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয় কাটেনি ডেঙ্গু নিয়ে শীতকালেও। চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৬৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে পাঁচজনের। কীটতত্ত্ববিদরা বলছেন, বছরের শুরু থেকেই এডিসের উৎস ধ্বংসে জোর দেওয়া প্রয়োজন।
বছর কয়েক আগেও ডেঙ্গু মৌসুমি জ্বর ভাবা হতো। কিন্তু ২০১৯ সালের পর থেকে ধারণা পাল্টাতে থাকে। গত বছরের ১২ মাসের ১১ মাসেই এতে প্রাণহানি ঘটে, ডেঙ্গু ছড়িয়ে পড়ে দেশের সব জেলায়। গত বছর মোট রোগীর প্রায় ৬৬ শতাংশ এবং মৃত্যুর প্রায় ৪৩ শতাংশ ছিল ঢাকার বাইরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত আক্রান্ত রোগী ছিলেন ৩৭০ জন। মারা গিয়েছিলেন দুজন। এ বছর গতকাল শনিবার পর্যন্ত সারাদেশে ৬৩২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচজন। সব মিলিয়ে ২০২৩ সালে হাসপাতালে ভর্তি রোগী ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৭০৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু এখন সারা বছরের রোগ। এটিকে নিয়ন্ত্রণ করতে হলে বছরের শুরু থেকেই কার্যক্রম দরকার। এ জন্য স্থানীয় সরকারের আরও কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। যদিও জাতীয় নির্বাচনকে ঘিরে কার্যক্রম হাতে নিতে দেরি হয়েছে।