ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা মানছে না জেলেরা। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে আইন অমান্য করে অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ-পুলিশের পৃথক অভিযানে আটক হয়েছেন ১৩০ জেলে। এর মধ্যে ৯০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ও ৪০ জেলেকে আটক করেছে চাঁদপুর সদর টাস্কফোর্স।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ (রোববার) ভোর থেকে সকাল আটটা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৪০ জেলেকে আটক করেন। এর মধ্যে ৩১ জেলেকে সাতদিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. মেহেদী হাসান মানিক। একই সময় অপ্রাপ্তবয়স্ক ৯ জেলেকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানকালীন সাতটি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও ইলিশ মাছ গরবীদের মাঝে বিতরণ করা হয়।