ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাল নোটসহ দিনাজপুরের বিরামপুরে শাহাজুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দুইজনকে আসামি করে মামলা করা হয়েছে।
শনিবার (৫আগস্ট) দুপুরে বিরামপুর উপজেলার দোশরা পলাশবাড়ি-বিরামপুর সড়কের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক যুবক শাহাজুল ইসলাম উপজেলার উত্তর কাদিপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় নজরুল ইসলাম নামের অন্য এক ব্যক্তি পলাতক রয়েছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সুব্রত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বিরামপুর শহরের বিভিন্ন স্থানে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছেন কয়েকজন যুবক এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের দোশরা পলাশবাড়ি রাস্তায় অবস্থান নেয় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল ইসলাম পালিয়ে গেলেও শাহাজুল ইসলামকে আটক করে দেহ তল্লাশি করা হয়। পরে তার শরীরে থাকা ১০০০ টাকার ৪৫ টি জাল নোট উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সুব্রত সরকার বলেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন ব্যবসায়ীকে জাল টাকা দিয়ে প্রতারণা করে আসছিল শাহাজুলসহ তার সঙ্গীরা। আজ বেশকিছু জাল নোটসহ এই চক্রের মূলহোতা শাহাজুল ইসলামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।