ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলায় ফাঁস দেওয়া অবস্থায় পটুয়াখালীর কলাপাড়ায় ওবায়দুল বয়াতি (২৪) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের সুরডুগী গ্রামে।
শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মহিপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ওবায়দুল ওই গ্রামের নজরুল বয়াতির ছেলে।
মহিপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, তারা স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে নিহত ওবায়দুলের নিজ ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করেন। নাইলনের দড়ি দিয়ে নিজ ঘরের বারান্দায় শুক্রবার রাতের কোনো একসময় তিনি গলায় ফাঁস দেন এবং সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।