শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৪

মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় গোপালগঞ্জে কবির ব্যাপারী (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার সময় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের দত্তডাঙ্গা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত কবির ব্যাপারী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের কুব্বাদ ব্যাপারীর ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. জাবেদ মাসুদ জানান, কবির ব্যাপারী মাদারীপুরের কালিকিনি থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন। রাত ১০টার সময় সদর উপজেলার দত্তডাঙ্গা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী লাইনের একটি পরিবহনের যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।