ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এডিস মশা এর লার্ভা ও বংশবিস্তার উপযোগী ডেঙ্গুর জীবাণুবাহী পরিবেশ পাওয়ার দায়ে ঢাকাতে ১২ ভবন মালিককে ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার ডিএসসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, এম আর সেলিম শাহনেওয়াজ দক্ষিণ মুগদা ও উত্তর মুগদা কদমতলী ও সবুজবাগ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, ফয়সাল উদ্দিন লালবাগ এলাকায় ২৩টি স্থাপনা পরিদর্শন করে একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। ভবন মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন আদালত। এভাবে বিভিন্ন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরমানিটোলা, ওয়ারী লারমিনি স্ট্রিট, কাজলার পাড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভবন মালিকদের জরিমানা করা হয়।
এ সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার হাসান আলো প্রমুখ উপস্থিত ছিলেন।