শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৮

এক কিশোরীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারত সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী পুকুরপাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে নার্গিস আক্তার (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার (২৮ জুন) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। এর আগের রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় নার্গিস।
পরিবারের লোকজন এর দাবি, নার্গিসকে ধর্ষণের পর তার পড়নের ওড়না দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পর লাশ পাটক্ষেতে ফেলে রাখা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তারাঞ্জুবাড়ী পুকুরপাড় গ্রামের জয়নুল হকের মেয়ে ও হরিণমারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নার্গিস আক্তার প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে তার নানীর শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে টয়লেটে গিয়ে আর ঘরে ফিরে আসেনি।
পরদিন বুধবার দুপুরে ওই এলাকার এক কৃষাণী মাঠে ঘাস কাটতে গেলে পাটক্ষেতে নার্গিসের লাশ দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে বালিয়াডাঙ্গী থানা পুলিশ লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, খায়রুল আনাম বলেন, কিশোরীর মৃত্যুর রহস্যের তদন্ত চলছে, এখনো সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।