শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৮

সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বরিশালের ঝালকাঠির নলছিটিতে মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন। আজ সোমবার সকালে উপজেলার বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীরা হলেন- রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)।
আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে যায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, ভোর ৫ টার দিকে একটি মিনিট্রাক বরগুনার জেলার বামনা থানা থেকে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল।
এসময় বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি যাত্রীবাহী সিএনজি প্রতাপ এলাকায় আসলে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় সিএনজিতে থাকা চালকসহ চারজন যাত্রী আহত হয়। আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় দুইজন মারা যান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।