ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে একটি দুইনলা বন্দুক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ ডাকাত দলের সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৪ জুন) বেলা ১১টায় কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জনাব, মাশহাদ উদ্দিন নাহিয়ান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক জেলার মতলব উত্তর থানাধীন এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই গ্রামের একটি নির্জন বাড়িতে তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দুইনলা বন্দুক, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন : এখলাসপুর হাশিমপুর গ্রামের মোঃ আরিফ হোসেন (২৩), সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন (১৯)।