ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে নোয়াখালীর বেগমগঞ্জে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ ও একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, সাইমুন হাসান পিয়াস (১৬), রাহাতের রহমান নিরব (১৫), জোবায়ের হোসেন (১৭), মেরাজ হোসেন (১৭), ইয়াছিন আরাফাত বিজয় (১৬), ওমায়ের হোসেন (১৮), সাগর হোসেন রিপন (১৭) ও ইয়াছিন আরাফাত সিয়াম (১৭)।
পুলিশ জানায়, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। তখন ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার জনাব, মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।