শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪২

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শুক্কুর আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সালটিয়া ইউনিয়নের ধামাইল ঢালীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুক্কুর আলীর বাড়ি ধামাইল গ্রামে, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শুক্কুর আলী ধামাইল ঢালীবাড়ী এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি ট্রেনের ধাক্কায় শুক্কুর আলী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রেন চলে যাওয়ার পর এলাকার লোকজন এসে শুক্কুর আলীর লাশ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্কুর আলী ভারসাম্যহীন ছিলেন, কানেও কম শুনতেন।