ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজ হওয়া বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া এলাকায় এক শিক্ষার্থীর লাশ বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে শিশুর বাবার অভিযোগ।
বৃহস্পতিবার সন্ধ্যার পরে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুশিক্ষার্থী রিপা (১১) বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া দরবার ব্রিজ এলাকার সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান হাওলাদারের মেয়ে। শিশুটি কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, ওই শিক্ষার্থী মঙ্গলবার সকালে নিখোঁজের পর বৃহস্পতিবার সন্ধ্যার পর এক ব্যক্তি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে গেলে গন্ধ পেয়ে স্থানীয় ইউপি মেম্বার স্বপন গাজীকে জানান।
স্বপন গাজী বলেন, আমি জানতে পেরে বরগুনা থানার পুলিশকে খবর দিই। পুলিশ এসে শিশুর লাশ উদ্ধার করেন।
এ বিষয় শিশুর বাবা মো. শাহজাহান বলেন, মঙ্গলবার রাতে প্রতিবেশী রাজা মৃধার বিবাহ অনুষ্ঠান থেকে তার মেয়ে রিপা নিখোঁজ হয়। তিনি আরও বলেন, আমার মেয়েকে অনেক স্থানে খুঁজে না পেয়ে বরগুনা থানায় বুধবার সাধারণ ডায়েরি করি। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমার বাড়ির অদূরে প্রতিবেশীরা আমার মেয়ের মরদেহ দেখতে পেয়ে আমাকে জানায়।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জনাব, আবদুল হালিম বলেন, শিশুটির মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মারা গেছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।