বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

অটো মেসেজ হোয়াটসঅ্যাপে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একের পর এক নতুন বৈশিষ্ট্য যোগ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে, একসঙ্গে চারটি যন্ত্র থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এবার যোগ হলো আরও একটি সুবিধা।
ভিডিও কল করতে অনেকেই হোয়াটসঅ্যাপের যোগাযোগের মাধ্যম হিসাবে বেছে নেন। অনেকে আবার শুধুমাত্র ‘অডিও কল’ করতেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে, সব সময় ফোন ধরা সম্ভব নাও হতে পারে।
এত দিন হোয়াটসঅ্যাপে কল করলে সেই ফোন না ধরার জন্য ‘ডিক্লাইন’ অপশনে প্রেস করলেই মিলত সমস্যার সমাধান। পরে অবশ্য চ্যাটবক্সে গিয়ে সেই ব্যক্তিকে নিজের ইচ্ছামতো মেসেজ পাঠাতেন কেউ কেউ। ব্যস্ততার কারণ জানাতেন আলাদা করে।
কেউ কেউ হয়তো তাড়াহুড়োতে কোনো মেসেজ পাঠানোর সময়ও বের করে উঠতে পারেন না। তবে, এ বার হোয়াটসঅ্যাপে কেউ ফোন কাটলেই চলে যাবে বিশেষ বার্তা। হোয়াটসঅ্যাপ সংস্থা এমনই নতুন বৈশিষ্ট্য সংযোজন করে গ্রাহকদের চমক দিয়েছে। কিন্তু এই বিশেষ বার্তাটি কার কাছে যাবে? কী লেখা থাকবে সেখানে? এর ফলে কোনো বিপদের আশঙ্কা রয়েছে কি? সংস্থার তরফে সে সব প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপে ফোন কাটার সঙ্গে সঙ্গে বিশেষ বার্তাটি পৌঁছে যাবে ফোনের ওপারে থাকা মানুষটির কাছে। আপনার সঙ্গে কথা বলার জন্য যিনি অপেক্ষা করছেন, তার হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সেই পৌঁছে যাবে বার্তাটি। এর ফলে কোনো অসুবিধা তো হবেই না, বরং গ্রাহকদের সুবিধার কথা ভেবেই এই সংযোজন করেছে সংস্থা।
এর আগে হোয়াটসঅ্যাপে ফোন এলে শুধুমাত্র ফোন ধরা বা কাটার জন্য ‘আনসার’ এবং ‘ডিক্লাইন’ অপশন থাকত। এই দু’টি বিকল্পের উপস্থিতি এখনও থাকবে। এর সঙ্গে যুক্ত হবে আরও একটি নতুন বিকল্প, যার নাম রাখা হয়েছে ‘রিপ্লাই’। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে কল এলে তারা যদি সেই সময় কলটি ধরতে না পারেন, তবে ‘রিপ্লাই’ বিকল্প বেছে নিতে পারেন।
সঙ্গে সঙ্গে কয়েকটি বার্তা হাজির হয়ে যাবে ফোনের স্ক্রিনে। সেখানে লেখা থাকবে কল না ধরার নানা রকম কারণ। যেমন আমি এখন ব্যস্ত, পরে ফোন করছি, এখন মিটিংয়ে রয়েছি। এই ধরনের মেসেজ ফুটে উঠবে স্ক্রিনে।