শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪১

মাদকসহ পাচারকারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), দশ হাজার পিস ইয়াবা, ৩৫ বোতল গ্রান্ট মাস্টার মদ ও ৪৩০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার কক্সবাজারের টেকনাফ সীমান্তে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চারজন পাচারকারীকে আটক ও মাদক বহনকারী কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি।
সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নাফনদের জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযানটি চালানো হয়।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. মহিউদ্দিন আহমেদ জানান, নাফনদের জালিয়ার দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকতে পারে এমন সংবাদের ভিত্তিতে সেখানে কৌশলগত অবস্থান নেয় ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির দুটি বিশেষ টহল দল। সেখানে রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমারের দিক থেকে একটি কাঠের নৌকা ঢুকতে দেখে বিজিবি টহল দল নৌকাটি থামার সংকেত দেয়।
এ সময় নৌকায় থাকা চারজন পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদের আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটির পাটাতনে লুকায়িত পাঁচটি প্লাস্টিকের বস্তা খুলে এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), দশ হাজার পিস ইয়াবা, ৩৫ বোতল গ্রান্ট মাস্টার মদ ও ৪৩০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়।
লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. মহিউদ্দিন আহমেদ আরো জানান, আটকদের দুজন মিয়ানমার মংডু ও বুসিডং এলাকার রোহিঙ্গা নাগরিক এবং অপর দুজন টেকনাফের মোচনী ও উখিয়ার বালুখালী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা। ওই চার পাচারকারীকে মাদক পাচারের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।