ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবেশে চালককে কুপিয়ে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়ায় ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ এপ্রিল) রাতে শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা চালক মোস্তফা মাতবরকে (৩৫) উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। আহত মোস্তফা মাতবর চিকন্দি ইউনিয়নের দক্ষিণ কেবলনগর এলাকার আব্দুল হাই মাতবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচরের মৃধার মোড় এলাকা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত দুজন ব্যক্তি যাত্রী সেজে শরীয়তপুরের চন্দ্রপুর যাবে বলে মোস্তফা মাতবরের ইজিবাইকে ওঠে। চন্দ্রপুর গেলে তারা বলে বিনোদপুরে আমার আরো দুজন লোক আছে সেখান থেকে সারের বস্তা নিয়ে শৌলপাড়া যাবে।
বিনোদপুরের গয়াতলা আসার পরে ওই দুই ব্যক্তি পাঁচ মিনিট দাঁড়াতে বলে দুটো বস্তা নিয়ে আসে। বলে আমাদের লোক গঙ্গানগর রয়েছে। এ সময় যেতে যেতে শৌলপারা ইউনিয়নের গয়ঘর এলাকার একটি ফাঁকা জায়গায় ইজিবাইক চলন্ত অবস্থায় চালককে পেছন থেকে একজন মাথায় আঘাত করে। পরে চালক ইজিবাইকের গতি রোধ করলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আরো তিন থেকে চারজন এসে এলোপাতাড়িভাবে চালকের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে রাস্তার পাশে ফেলে ইজিবাইকটি নিয়ে চলে যায়।
এ ব্যাপারে সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আক্তার হোসেন বলেন, এ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।