শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৭

ডাকাত গ্রেফতার অস্ত্রসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার জনাব, আবদুল মান্নান।
তিনি জানান সোমবার দিবাগত রাতে লাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকার শহীদ স্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যায় বলেও জানা গেছে।
গ্রেফতার পাঁচ ডাকাত হচ্ছে -চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামের সেলিম উদ্দিন, চট্টগ্রামের পাহাড়তলীতে বসবাসরত লক্ষ্মীপুর জেলার কমলগঞ্জ উপজেলার চর জগবন্ধু গ্রামের নূর মোহাম্মদ রানা, গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ীর আনোয়ারুল ইসলাম ওরফে কাঞ্চিয়া, চট্টগ্রামের পাহাড়তলী এলাকার ভাড়া বাসায় বসবাসকারী লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কালী বৃত্তি গ্রামের নুরুদ্দিন এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছা মৌলভীবাজার গ্রামের মোঃ বাদশা।
সংবাদ সম্মেলনে জানানো হয় ডাকাতদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাপাতি, একটি স্টিলের ছোড়া, একটি প্লাস্টিকের বাট যুক্ত লোহা কাটার, একটি লোহার পাইপ সহ অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, নাঙ্গলকোট উপজেলা এলাকায় ডাকাতি করার প্রস্তুতি হিসেবে তারা সেখানে মিলিত হয়েছিল। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার সকলেই একাধিক মামলার আসামি বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার জনাব, খন্দকার আশরাফুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব, জাহিদুল ইসলামসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।