ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে ১০ হাজার পিস ইয়াবা সহ বাস চালক লুৎফর রহমানকে আটক করেছে পুলিশ। মদনপুর এলাকায় একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক লুৎফর রহমান টাঙ্গাইল জেলার কাফিলাপাড়ার ভুলু মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল জনাব, শেখ বিল্লাল হোসেন জানান, কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় বাসটিকে সংকেত দেয় পুলিশ। বাসটি সংকেত অমান্য করে দ্রুত চলে যায়। পরে পুলিশ ধাওয়া করে মদনপুর এলাকায় বাসটি আটক করেন।
জনাব, বিল্লাল হোসেন আরও জানান, বাসটি থামিয়ে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যমতে সিটের ভেতর থেকে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ। সে দীর্ঘদিন যাবৎ মাদক পাচারের সাথে জড়িত এবং তার সাথে আরও জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।