ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩০০ পিস ইয়াবাসহ বান্দরবান জেলা সদরের কালেক্টরেট স্কুলের রাস্তা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে আর অন্যদিকে বান্দরবান জেলা শহরের চৌধুরী মার্কেটে অভিযান চালিয়ে ইয়বাসহ আরও ২ জনকে গ্রেফতার করা হয়। এ পৃথক অভিযানে শুক্রবার দুপুরে তাদের মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানান, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বান্দরবান জেলা সদরের কালেক্টরেট স্কুলের রাস্তা থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার নাম এসএম হোছাইন টিটু (৩০)।
অপরদিকে বান্দরবান জেলা শহরের চৌধুরী মার্কেট অভিযান চালিয়ে ইযাবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলো- ফয়জুল করিম (২৬) এবং যিশু দাশ (২৩)। এ সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বান্দরবান এপিবিএনের উপপরিদর্শক মহিউদ্দিন আহমেদ বলেন, অভিযান চালিয়ে মোট ৫৩০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।