ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের মিয়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলা রায়েদ ইউনিয়নের হাইজার গ্রামের আবদুর রশিদের ছেলে রাসেল (১৯) ও একই গ্রামের হোসেন মিয়ার ছেলে শাকিল (১৮)।
থানা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার হাইজার গ্রাম থেকে একটি মোটরসাইকেল নিয়ে কাপাসিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে মিয়ারবাজার নামক স্থানে একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলসহ ছিটকে রাস্তার পাশে পড়ে যান তারা।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী শাকিলকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।
কাপাসিয়া থানার এএফএম নাসিম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।