ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আনুমানিক ১৮ লাখ টাকা মূল্যের ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ফেনসিডিল ও হেরোইনসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
গ্রেফতারকৃতরা হলেন- মো. স্বপন মিয়া (২৭), মো. রাজু আহম্মেদ (৩৫), মো. আলিফ হোসেন (৩২) মো. মোশারফ (৩৭), মো. রানা (৩৬) ও মো. সোহেল (৩৭)। এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কেরানীগঞ্জ মডেল থানাধীন বড়মনহরিয়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন যাবৎ গোপনে মাদক বিক্রি করে আসছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আনুমানিক ১৮ লাখ ৪১ হাজার ১০০ টাকা মূল্যের ৩৪৪ (তিনশত চুয়াল্লিশ) গ্রাম হেরোইনসহ মো. স্বপন মিয়া, মো. রাজু আহম্মেদ, মো. আলিফ হোসেন ও মো. মোশারফ হোসেন নামে চার মাদক কারবারিকে গ্রেফতার করেন।
এছাড়া একই দিন র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৭২ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. রানা (৩৬) ও মো. সোহেল (৩৭) বলে জানা যায়। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইন ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।