ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামীর সঙ্গে অভিমান করে আন্না খাতুন (২৫) নামে ঢাকা রাজধানীর ডেমরা কোনাপাড়ায় এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আন্না খাতুন কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা ডেমরা কোনাপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) বাচ্চু মিয়া বলেন, ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আন্না খাতুনের স্বামী ইকবালকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে আনা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।