ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল ও গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বরিশালের ঝালকাঠির রাজাপুরে সাবেক সেনা সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার নৈকাঠি পালবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার পূর্ব রাজাপুর এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে আলী হায়দার মহারাজ (৫০) এবং আঙ্গারিয়া এলাকার মৃত নাজেম তালুকদারের ছেলে ও সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন শাহিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যান মোংলা থেকে ছেড়ে এসে বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।
এ ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।