ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পেশাদার ডাকাত, খুনি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুহুল আমিন ওরফে লেদুকে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলেছেন, ২০১২ সালে রাজধানীর শাহ আলী থানার বশির উদ্দীন বসু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পাঁচটি ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সে। বিগত ১০ বছর ধরে সে ছদ্মবেশ ধারণ করে রাজধানীর বিভিন্ন এলাকাসহ গাজীপুরে আত্মগোপনে ছিল।
শুক্রবার সকালে র্যাব ৪-এর এএসপি জনাব, মো. জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৪-এর একটি দল বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তরা পূর্ব থানার হাউস বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পাঁচটি ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রুহুল আমিন ওরফে লেদুকে (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরও বলেছেন, ২০১২ সালে শাহ আলী থানার বশিরউদ্দীন বসু হত্যা মামলায় আদালত আসামি লেদুকে যাযবজ্জীবন সাজা প্রদান করে। আসামি রুহুল আমীন ওরফে লেদু বশির হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততাসহ আরও পাঁচটি ডাকাতি মামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করে। হত্যাকাণ্ডের পর পরই সে আত্মগোপনে চলে যায়।
এ ছাড়া লেদু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গত ১০ বছর ধরে ছদ্মবেশ ধারণ করে গাজীপুর, উত্তরা, টঙ্গী, বাড্ডা, রামপুরাসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাকে শুক্রবার সকালে ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।