শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫১

জাটকা ইলিশ পাচারের সময় বরিশাল থেকে উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা : ২১০ কেজি জাটকা ইলিশ পাচারের সময় বরিশালে উদ্ধার হয়েছে বরিশাল সদর নৌ-থানা পুলিশের অভিযানে। মঙ্গলবার রাতে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন আল মাসুমের নেতৃত্বে একটি টিম বরিশাল শহরের আমতলা মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে জাটকাগুলো উদ্ধার করলেও এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সংশ্লিষ্ট থানা পুলিশ এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেছে। এ মামলায় আসামিদের অজ্ঞাত এবং পলাতক দেখানো হয়েছে।
নৌপুলিশ জানায়, গোপন সংবাদ ছিল পটুয়াখালীর কলাপাড়া থেকে যাত্রীবাহী বাসে জাটকা ইলিশের একটি বড় চালান রাজধানী ঢাকায় পাচার হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক কর্মকর্তা আলাউদ্দিন আল মাসুমের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম শহরের আমতলার মোড়ে অবস্থান নেয় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে আসা যাত্রীবাহী বাসগুলোর গতিরোধ করে তাতে তল্লাশি পরিচালনা করেন। একপর্যায়ে তারা একটি বাস থামিয়ে তল্লাশি করার সময় তখন সেই বাসটি থেকে ককসেটভর্তি জাটকার একটি চালান উদ্ধার করা হয়।
এসআই মাসুম জানান, বাসটিতে তল্লাশি চালিয়ে ২১০ কেজি জাটকা উদ্ধার করা হলেও পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এই ঘটনার সাথে জড়িতদের অজ্ঞাত আসামি দেখিয়ে সংশ্লিষ্ট কোতয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এবং উদ্ধার জাটকাগুলো বুধবার সকালে বরিশাল শহরের বিভিন্ন মাদ্রাসা ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”