শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৩

এক যুবকের কাছ থেকে ইয়াবা উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ পদ্ধতিতে কক্সবাজার থেকে প্যাক করা ইয়াবা গিলে বিমানযোগে ঢাকায় এনেছিলেন। এরপর পায়খানার সাথে সেগুলো বের করে বিশেষ কায়দায় সড়ক পথে পদ্মা সেতু হয়ে ফরিদপুরে হোম ডেলিভারি দিতে এসে গ্রেফতার হয়েছে এক যুবক।
শনিবার বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল। এরপর তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় পাঁচ হাজার পিস ইয়াবা।
গ্রেফতার ওই যুবকের নাম মো: নুরুল হাকিম (৩১)। তিনি কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারের পাগলীর বিল গ্রামের মো: আব্দুল জব্বারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব, শামীম হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে নুরুল হাকিমকে টোল প্লাজা থেকে গ্রেফতার করা হয়। এরপর বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে তার নিকট থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অধিদফতর জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল হাকিম জানান, তিনি কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা গিলে বিমানে ঢাকায় এসে পায়খানার সাথে সেই ইয়াবা বের করেন। এরপর পরিষ্কার করে পুনরায় প্যাক করে শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ভাঙ্গায় নিয়ে আসেন।
জনাব, শামীম হোসেন আরও জানান, অভিনব কৌশলে এই মাদক ব্যবসায়ী সিন্ডিকেট মাদক পাচার করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।