ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্ধুর শাশুড়িকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিনকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ছয় বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।
গতকাল মঙ্গলবার র্যাব-৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জনাব, আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তাকে গত সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
জনাব, আরিফ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ২০১৬ সালে লক্ষ্মীপুরে বন্ধুর শাশুড়িকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশের পর থেকে পলাতক ছিলেন নাজিম উদ্দিন। এর পর থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত ছিল। তাঁকে গ্রেপ্তারের পর র্যাবের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব জানায়, হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে নাজিম উদ্দিন পাঁচ মাস সাজা ভোগ করেছিলেন। পরে তাঁর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন আদালত। এক পর্যায়ে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।