ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল আরোহী হাফেজ হেদায়েত উল্লাহ (২০) নামে মসজিদের এক ইমাম গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার চাপ্তা মাদ্রাসা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ হেদায়েত উল্লাহ উপজেলার ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি ওই উপজেলার ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানিয়েছেন, সকালে হাফেজ হেদায়েত উল্লাহ মোটরসাইকেল যোগে কাশিয়ানী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেলটি উপজেলার চাপ্তা মাদ্রাসা এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে হেদায়েত উল্লাহ রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। পুলিশ দুর্ঘটনা জন্য দায়ী মাইক্রোবাসটি আটক করেছে।
এসআই সিরাজুল ইসলাম আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।