ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলায় ফাঁসি দিয়ে সুনামগঞ্জের মধ্যনগরে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী যুবক মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামের মৃত গৌরাঙ্গ সরকারের ছেলে বিকাশ সরকার (৩৯)। পেশায় একজন কৃষক।
শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলার জমশেরপুর গ্রামে একটি হিজল গাছের সঙ্গে বিকাশের মরদেহ ফাঁসিতে ঝুলে আছে দেখতে পায় প্রতিবেশীরা। পরে স্থানীয় ইউপি সদস্য সনেট তালুকদারকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে সে ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে মধ্যনগর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. জাহিদুল হক বলেন, সকালে খবর পাওয়া মাত্রই আমরা লাশটি উদ্ধার করি। পরিবারের কারো ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।