ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ছাত্রীর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগ করা মামলায় এক যুবককে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত, আর এই ঘটনা চট্টগ্রামে। পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব, মুহাম্মদ আবদুল হালিমের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শচিন বড়ূয়া। তিনি রাউজান উপজেলার রতন কান্তি বড়ূয়ার ছেলে। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।
আদালতের নাজির জনাব, আবুল কালাম আজাদ জানান, আসামিকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক ধারায় পাঁচ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড এবং আরেকটি ধারায় দুই বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। দুটি সাজা একটির পর আরেকটি কার্যকর হবে।