ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে নাটোরের সিংড়ায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বুলবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও আশিকুর রহমান নামের অপর যাত্রীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুই যাত্রীর বাড়ি ছোট চৌগ্রাম এলাকায় এবং পেশায় তারা জেলে বলে জানা গেছে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ওসি জনাব, এমএম মাসুদ বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।