সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২০

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাথরবোঝাই ট্রাকচাপায় দিনাজপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে মামুন (৩০) এবং ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সুন্দরৈ এলাকার আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (৩২)। তারা দুই জন প্রাণ কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে কলেজ মোড় এলাকা থেকে মোটরসাইকেলে পাথরবোঝাই তিনটি ট্রাককে ওভারটেক করে সামনের দিকে যাচ্ছিলেন তারা। তখন একটি ট্রাক সামনের দিক থেকে আসলে দুই ট্রাকের মাঝে মোটরসাইকেল আটকে রাস্তায় পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কোতয়ালি থানার তদন্ত কর্মকর্তা গোলাম মাওলা জানান, নিহতরা দুই জন প্রাণ কোম্পানির কর্মচারী। কোম্পানির মালামাল বিভিন্ন স্থানে পরিবেশন করেন তারা। কাজ শেষ করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।