ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। আজ রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।
আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে অটোরিকশার এক যাত্রী হাসপাতালে মারা যান। পরে আহত ছয়-সাতজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে আরো চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার নুর উদ্দীন, অটোরিকশা চালক হানিফ, যাত্রী মামুন, জামাল মিয়া এবং অজ্ঞাত পরিচয়ে আরো একজন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান এবং মরদেহ মর্গে রাখা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. নবী হোসেন জানান, ঘটনার পরপরই মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাস চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।