রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১০

একজন আটক ভারতীয় কাপড় ও মদসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কর ফাঁকি দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত থেকে আনা বিপুল পরিমাণ কাপড় ও মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার বিকেলে আখাউড়া চেকপোস্টের আইসিপি বিজিবি ক্যাম্পের সামনে থেকে এগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল আখাউড়া সীমান্ত হয়ে ভারতীয় কাপড় ও মদ নিয়ে একটি প্রাইভেটকার শহরের দিকে যাচ্ছিল। এ সময় আখাউড়া কোম্পানি সদর বিজিবির একটি টহল দল চেকপোস্টে গাড়িটিকে থামার সংকেত দেয়। গাড়িটি থামালেও এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় হাসেম মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
নায়েক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি ভারত থেকে সরকারি কর ফাঁকি দিয়ে এসব মদ ও কাপড় এনেছেন। এ ঘটনায় মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, বিজিবির জব্দ করা মালামাল থানার মালখানায় হেফাজতে রাখা আছে। আদালতের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।