ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচ ডাকাত আটক করে কোস্টগার্ডের হাতে সোপর্দ করে স্থানীয় জেলেরা, আর এই ঘটনা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে। শুক্রবার ২ সেপ্টেম্বর বিকালে মেঘনা নদীতে ট্রলারে ডাকাতকালে এসব ডাকাতদের আটক করা হয়।
রাতে নোয়াখালীর পুলিশ সুপার জনাব, মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার ভোর রাতের দিকে স্থানীয় কয়েকজন জেলে মাঝি মাল্লা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। বিকালে মাছ ধরে মেঘনা নদী থেকে চেয়ারম্যান ঘাটে যাওয়ার পথে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরের উত্তরে মেঘনা নদীতে পৌঁছলে পেছন দিক থেকে একটি বোটে ১১ জন ডাকাত মাছ ধরার বোটে আক্রমণ করে।
ডাকাতিকালে ডাকাত দলের পাঁচ সদস্য পানিতে পড়ে যায়। ওই সময়ে ডাকাতদের ব্যবহৃত বোটটির পাখা নষ্ট হয়ে গেলে অন্যান্য ডাকাতেরা সিরাজ মাঝিসহ তাহার বোটটি নিয়ে পালিয়ে যায়। ওই সময়ে পেছন থেকে আরেকটি বোটের সহযোগিতায় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়।
আটককালে ডাকাতদের থেকে দুটি দা, দুটি লেহার পাত এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে সংবাদ দিলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে গিয়ে আটককৃত ডাকাতদের তাদের হেফাজতে নেয়।