শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৪২

এক কিশোরের মৃত্যু হয়েছে মাছ ধরতে গিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছ ধরতে গিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আকরাম আলী (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (০১ জুন) বিকেলে কালজানী নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। সে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর গ্রামের ইসরাফিল আলীর পুত্র।
নিহত কিশোরের পারিবারিক সূত্রে জানা গেছে, মৃগী রোগে আক্রান্ত আকরাম আলী বুধবার বিকেলে কালজানী নদীতে মাছ ধরতে যায়। এ সময় তার মৃগী রোগের প্রকোপ বাড়লে নদীতেই ডুবে মারা যায়। পরে সোহেল নামের এক গরুর রাখাল তার লাশ দেখতে পেয়ে আকরামের বড় ভাইকে সংবাদ দিলে তারা নদী থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোনো আপত্তি না থাকায় দাফনের অনুমতি দেয়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।