মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫০

দুইজন মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান পরিচালনা করে মাদারীপুর র‌্যাব ৮-এর একটি বিশেষ আভিযানিক দল ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার সকালে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার জনাব, মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাস স্ট্যান্ডে পরিবহণ একটি বাস কাউন্টারের সামনে হতে কাঁঠালবাড়ি ঘাট হতে বরিশালগামী মহাসড়কের চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৩৪) ও একই এলাকার আবু ইউসুফ হাওলাদারের ছেলে মো. জসিম উদ্দিনকে (২৬) বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে আটক করেন।
এ সময় আটককৃত আসামিদের নিকট থেকে ২০ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি মোবাইল, তিনটি সিমকার্ড এবং মাদক বিক্রয় লব্ধ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে মাওয়া-বরিশাল-পটুয়াখালী রুট ব্যবহার করে বরিশাল, পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক আসামিদের উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা করা হয়েছে এবং র‌্যাব ৮-এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।