ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান সম্পূর্ণ ও পাঁচটি দোকান আংশিক পুড়ে গেছে আর এই ঘটনা পিরোজপুরের স্বরূপকাঠির ইন্দুরহাট বন্দরে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ইন্দুরহাট-মিয়ারহাট ব্রিজের দক্ষিণ পাড়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানা গেছে।
সোহাগদল ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান, গতরাতে বন্দরের আল হোসাইনী অপটিকস দোকানে আগুন দেখে ব্যবসায়ীরা ডাক-চিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।