ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ ময়মনসিংহের চরকালীবাড়ী এলাকায় সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা, যাদের ছয়জনই রোহিঙ্গা নাগরিক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন জানান, গত শুক্রবার রাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদকের চালান আসছে এমন খবর পান তারা। পরে চরকালীবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রিত ১ লাখ টাকাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।