ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল সোমবার সকালে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ, আর এই ঘটনা রাজধানীর সোয়ারীঘাট এলাকাসংলগ্ন বুড়িগঙ্গা নদীর। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গত শনিবার সন্ধ্যায় বুড়িগঙ্গার বাবুবাজার সেতুর ওপর থেকে এক ব্যক্তি ঝাঁপ দিয়েছে, এমন তথ্যের ভিত্তিতে রবিবার সারা দিন অভিযান চালিয়েও কোনো হদিস মেলেনি। গতকাল সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি সেতু থেকে লাফ দেওয়া ব্যক্তির।
নৌ পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছে এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।