শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১২

সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় পাঁচ বন্ধু নিহত হয়েছেন। সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়াস্থ আধুনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধুনগর স্টেশনের দক্ষিণ পাশে চট্টগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কারে থাকা ৫ বন্ধু গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে লোহাগাড়া মা মনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত অপর একজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি জনাব, মো. সিরাজুল ইসলাম জানান, তারা ৫ বন্ধু মিলে প্রাইভেটকারযোগে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি আধুনগর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কারটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।